,

 

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 13 July 2026, 06:30

চাঁদা না পাওয়ায় চট্টগ্রাম নগরের চন্দনপুরা এক্সেস রোড এলাকার একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়ে ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সোয়া বারোটার দিকে ডিজিটাল ডটনেট (ডিডিএন) নামক প্রতিষ্ঠানে এই হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। 

প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন বলেন, ‘দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয়ে আমার কাছে ফোন আসে। এতে ইমন বলেন, ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি। মাসে দিবি ১০ লাখ।’ এখন থেকে ব্যবসা আমরা করব।

আদিল বিন মামুন অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তারা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী বলে দাবি করেন তিনি।

প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. রাকিব বলেন, দুই-তিন দিন আগে আমাদের মালিকের কাছে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল। আজ হঠাৎ করেই একদল লোক আমাদের অফিসে এসে ভাঙচুর চালায়। 

তিনি আরও বলেন, আজ আমাদের প্রতিষ্ঠানে বেতন দেওয়ার দিন ছিল। অফিসে প্রায় ৩৫ লাখ টাকা নগদ রাখা ছিল। হামলাকারীরা ওই টাকা নিয়ে চলে গেছে। হামলাকারীরা মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র নষ্ট করার পাশাপাশি কর্মীদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন। 

এ ব্যাপারে ওসি নুর হোসেন মামুন বলেন, কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও