নগরের পাহাড়তলী থানায় রিফাত হত্যা মামলার প্রধান আসামি মো.শামীমসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান আসামি মো. শামীম (৩৫), মো. সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) ও সুমন (৩০)।
র্যাব-৭ জানিয়েছে, নিহত মো. রিফাত (২৮) নগরের পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে গত ২৩ জুন সকাল পৌনে ৮টার দিকে মো. সাজ্জাদ আলম শুভ কৌশলে রিফাতকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও হামলা চালিয়ে হত্যা করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মো.রিফাত হত্যা মামলার আসামিরা সীতাকুণ্ড উপজেলার জলিল টেক্সটাইল বাজার এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে প্রধান আসামি মো. শামীম ও মো. সাজ্জাদ আলম শুভকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে মারুফকে এবং হালিশহরের মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়।
পূর্বতারা/ইউডি