,

 

সাতকানিয়ায় দুর্গত মানুষের চাল গেল মেম্বারের পেটে, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 13 July 2026, 01:16

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে বরাদ্দ সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে গতকাল রোববার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি হলেন- সোনাকানিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য মো. জাকারিয়া।

গত শনিবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আত্মসাৎকৃত চাল বিক্রির উদ্দেশ্যে স্থানীয় একটি বাজারের ‘মায়ের দোয়া ডেকোটেরস’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে গুদামজাত করা হয়। গুদামজাত করা চাল নিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন ওই ডেকোরেটরস প্রতিষ্ঠানের সামনে গিয়ে এহসান নামের একজনকে জিজ্ঞাসা করেন দোকানটি কার ? এখানে ২০ বস্তা ত্রাণের চাল চুরি করে বিক্রির জন্য রাখা হয়েছে। এসময় পাশের এক ব্যক্তিকে অভিযোগ করে বলতে শোনা যায়, এরকম পানির মধ্যে ওরা কাউকে কিছু দিল না । বান হয়েছে পর্যন্ত জাকারিয়া মেম্বার আমাদের কাউকে কিছুই দেয়নি।

এ কথার জবাবে চেয়ারম্যান মো. মহিউদ্দিনকে বলতে শোনা যায়, আমরা গলাপানিতে জীবন বাজি রেখে মানুষের জান বাঁচানোর চেষ্টা করছি। আর এরা চুরি করে চাল বিক্রি করে ফেলছে। মোট চাল আত্মসাৎ করেছে ১ টন। এর মধ্যে মায়ের দোয়া ডেকোরেটরস দোকানটিতে ২০ বস্তা চাল রাখা হয়েছে। বাকি ১৩ বস্তা বিক্রি করে ফেলেছে। আমি গতকাল (রোববার) চালের জন্য বোর্ডে গেলে জানতে পারি জাকারিয়া মেম্বার একটন চাল নিয়ে এসে মানুষকে না দিয়ে বিক্রি করে ফেলছে।

ভিডিওতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন ‘মায়ের দোয়া ডেকোরেটরস’র দায়িত্বপ্রাপ্ত মো. সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। তিনি সিরাজুল ইসলামকে বলেন, তোমার দোকানে চাল কে রেখেছে ? তখন সিরাজুল ইসলাম জানান, জাকারিয়া মেম্বার ২০ বস্তা চাল তার দোকানটিতে রেখেছেন।

তবে এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য মো. জাকারিয়া মেম্বারের সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পূর্বতারা/ইউডি

ভিডিও