,

 

দুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : 8 July 2026, 11:59

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

বুধবার (৮ জুলাই) রাতে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খোলা আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাঁর নির্দেশনায় রাঙামাটির জন্য ৫০০ মেট্রিক টন, খাগড়াছড়ির জন্য ৪০০ মেট্রিক টন এবং বান্দরবানের জন্য ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও বরাদ্দ দেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে অতিরিক্ত আর্থিক সহায়তাও দেওয়া হবে।

তিনি বলেন, খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে দুর্গত মানুষের জন্য নগদ সহায়তার প্রয়োজন রয়েছে, সরকার সে বিষয়েও উদ্যোগ নিয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সবাইকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে হবে। সতর্কবার্তা অমান্য করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

মীর হেলাল আরও বলেন, সরকার জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের সহায়তা কার্যক্রম চলবে।

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানুষের জীবন রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

এর আগে প্রতিমন্ত্রী আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের মধ্যে ত্রাণসামগ্রী ও খাবার বিতরণ করেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজখবর নেন।

ভিডিও