একটানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
ভারী বৃষ্টির কারণে গতকাল সোমবার রাতে পতেঙ্গা লিংক রোড এলাকায় একটি সড়ক ভেঙ্গে গেছে। উড়ালসড়ক নির্মাণের জন্য ওই বাইপাস সড়কটি তৈরি করা হয়েছিল।
এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলেন, পতেঙ্গায় আউটার রিং রোডের সঙ্গে একটি উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। এ জন্য একটি বাইপাস সড়ক করা হয়েছিল। বৃষ্টিতে সেটি ভেঙে গেছে। আমরা সকাল থেকে কাজ শুরু করেছিলাম। বর্তমানে সড়কটি মেরামত সম্পন্ন করা হয়েছে।
এদিকে, বৃষ্টির কারণে নগরীর টাইগারপাস পাহাড়ি এলাকার একটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। নগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
পূর্বতারা/ইউডি