চট্টগ্রামের পতেঙ্গায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. রাজীব নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (৬ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র বিচারক এস এম জিয়াউর রহমানের আদালত এ আদেশ দিয়েূছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি পতেঙ্গা কাঠগড় হিন্দুপাড়া ২ নং গলির একটি ভাড়া বাসায় খাদিজা আক্তার নামে ১৮ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে মো. রাজীব। এ ঘটনার ছয়দিন পর ওই বছরের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা মঞ্জু খন্দকার মো. রাজীবকে একমাত্র আসামি করে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করে। মঞ্জু খন্দকারের গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মাইট্টা গ্রামের খন্দকার বাড়ি। তারা পতেঙ্গা কাঠগড়ে ভাড়া বাসায় থাকতেন। ২০২০ সালের ১৩ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হয়। ৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসলি অ্যাডভোকেট জেবুন নাহার জানান, আসামি মোঃ রাজীবকে নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পূর্বতারা/ইউডি