রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কার্ডিয়াক বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ভর্তি হওয়ার সময় তার হৃদ্যন্ত্র-সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন।
এ বিষয়ে শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ-অভ্যর্থনা বিষয়ক সম্পাদক পলাশ সেন বলেন, পুত্রের জামিন বাতিল হওয়ার পর থেকে চিন্ময় কৃষ্ণ দাসের মা মানসিকভাবে ভেঙে পড়েন। পুত্রবিরহ ও উদ্বেগের মধ্যেই তিনি স্ট্রোক করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।