Wednesday, 1 July 2026

চট্টগ্রামের নতুন থানা ‘হালদা’, নতুন উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 1 July 2026, 04:09

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এর মধ্যে চট্টগ্রামও একটি নতুন থানা ও নতুন উপজেলা পেয়েছে। নতুন থানার নাম হচ্ছে ‘হালদা’। নতুন উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী অপর নতুন উপজেলা দুইটি হচ্ছে- কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও।’

নিকার প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে করা হয়েছে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা।  অন্যদিকে চট্টগ্রামের হাটহাজারি থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা থানা’।

তারেক রহমানের সভাপতিত্বে নিকার এই বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও