Wednesday, 1 July 2026

জাহাজে অগ্নিদগ্ধ ৩ জনকে ঢাকায় প্রেরণ

সন্দ্বীপ প্রতিনিধি

প্রকাশ : 1 July 2026, 11:32

কর্ণফুলী নদীতে নোঙর করা জাহাজে অগ্নিদগ্ধ তিন জনকে চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে,ঢাকার হাসপাতালে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। এর মধ্যে প্রকৌশলী আতিকুজ্জামান, নাবিক রুবেল ও শাহ আলম রয়েছেন। তাদের শরীরের শতভাগ পুড়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত বলেন, ঢাকায় পাঠানো তিনজনের অবস্থা গুরুতর। তিনজনের শরীর ও শ্বাসনালির শতভাগ পুড়েছে। নাবিক নিজাম, রাসেল ও ছিদ্দিকের শরীরের ২ থেকে ৫ শতাংশ পুড়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকায় পাঠানো অগ্নিদগ্ধ প্রকৌশলী আতিকুজ্জামান তামিম চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৮ নং ওয়ার্ডের উপজেলা কমপ্লেক্সের বাসিন্দা। অগ্নিদগ্ধের ঘটনায় মঙ্গলবার বিকেলে এফভি ‘দেশ ফিশিং’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুনে ৬ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চমেক থেকে ঢাকায় নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা জাহাজ এফভি ‘দেশ ফিশিং’ এ ইঞ্জিন রুমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তামিম সহ ছয় অফিসার ও নাবিক অগ্নিদগ্ধ হন। দগ্ধদের মধ্যে অন্যরা হলেন, জাহাজের গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল, নাবিক ছিদ্দিক আহমেদ।

পূর্বতারা/ইউ ডি/আর ইউ

ভিডিও