Wednesday, 1 July 2026

হাটহাজারীতে খাল দখল করে স্থাপনা

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : 1 July 2026, 01:07

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ফয়জিয়া বাজার সংলগ্ন হাজারি খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাল দখল করে স্থাপনা নির্মাণ বন্ধ ও দখলদার উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সময়ে খালটির বিভিন্ন অংশ অবৈধভাবে দখল ও ভরাট করা হয়েছিল। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে খালের দখলকৃত অংশ উদ্ধার এবং কয়েকটি অবৈধ স্থাপনা অপসারণ করে। তবে সম্প্রতি আবারও খালের ওপর নির্মাণকাজ শুরু হয়েছে। অবৈধ নির্মাণকাজ বন্ধের দাবিতে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

আবেদনে উত্তর মেখল এলাকার জসিম উদ্দীন (পিতা: মৃত সাহেব মিয়া)-এর নাম উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের অভিযোগ, ইছাপুর বাজার সংলগ্ন রাঙ্গামাটি সড়কের উত্তর পাশে অবস্থিত হালদা নদীর সঙ্গে সংযুক্ত এই খালটি এলাকার বৃষ্টি ও বন্যার পানি নিষ্কাশনের অন্যতম প্রধান পথ। খালটি ভরাট বা দখল হলে বর্ষা মৌসুমে আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী সময়ে প্রভাব খাটিয়ে সরকারি খাল দখলের মাধ্যমে বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়েছে, যা এখনো চলমান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

পূর্বতারা/ইউ ডি/ এ এইচ

ভিডিও