Tuesday, 30 June 2026

চট্টগ্রামে এবার এইচএসসি পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 30 June 2026, 01:35

এইচএসসি ও আলিম পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে। চট্টগ্রামের ১১৪টি কেন্দ্রে এবার ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষাবোর্ড ও আইনশৃঙ্খলা প্রশাসনের পক্ষ থেকে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী , এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় এইচএসসি পরীক্ষায় ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। চট্টগ্রাম জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা মোট ৭০ হাজার ৯৭৪ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে অংশ নিচ্ছেন ৩৬ হাজার ৬৮৩ জন।

অন্যদিকে, বোর্ডের অধীন কক্সবাজার জেলায় এবার পরীক্ষার্থী ১২ হাজার ২৫৫ জন। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পাঁচ জেলার ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবার সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনায় ২৩টি পর্যবেক্ষক দল (ভিজিল্যান্স টিম) গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ ভিজিল্যান্স এবং ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম।

এদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম নগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (২৯ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও