Monday, 29 June 2026

বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণের অভিযোগ, গ্রেপ্তার ২

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ : 29 June 2026, 08:22

বান্দরবানের লামায় এক নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি রিসোর্টের ব্যবস্থাপকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, ‘মাতামুহুরী রিভার সাইড রিসোর্ট’র ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) ও তার সহযোগী মো. হৃদয় (২৮)। রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিন পর্যটক মাতামুহুরী নদীতে নৌভ্রমণে বের হন। যাত্রাপথে এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়লে তারা বিশ্রামের জন্য মানিকপুর এলাকার একটি রিসোর্টে যান। অভিযোগ অনুযায়ী, রিসোর্টের কক্ষে প্রবেশের পর ব্যবস্থাপক ও তার সহযোগীরা বাইরে থেকে দরজা আটকে দেন এবং পরে আরও কয়েকজনকে নিয়ে কক্ষে প্রবেশ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সেখানে নারী পর্যটককে শ্লীলতাহানি করা হয় এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও বিকাশ অ্যাকাউন্টে থাকা অর্থ ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় একজন পর্যটক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে লামা থানায় মামলা দায়ের করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইসার হামিদ জানান, এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিডিও