Sunday, 28 June 2026

গ্যাস লাইনে ছিদ্র, তারওপর বিদ্যুৎ বাতির ফুলকি : অতঃপর আগুন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 28 June 2026, 04:44

চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডের ফয়’স লেক এলাকায় নালার ভেতর দিয়ে যাওয়া একটি গ্যাসের পাইপলাইন হঠাৎ ফেটে গিয়ে গ্যাস নির্গমন শুরু হয়। নির্গত সেই গ্যাসে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরিত হয়ে ফুলকি এসে পড়ে। আর যায় কোথায় ? সাথে সাথেই আগুন লেগে যায়। পথ চলাচলকারী যানপরিবহন ও জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তড়িৎ পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাঁদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সামিউল জানান, রাস্তার পাশে গ্যাসের পাইপ ফেটে গিয়েছিল। সড়কের এক পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়ে ফুলকি পড়লে সাথে সাথে আগুন জ্বলে ওঠে।

তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, আমাদের গ্যাসলাইন ফেটে আগুন লেগেছে। কীভাবে পাইপটি ফাটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাইপ মেরামত করা হচ্ছে এবং ঘটনাস্থলে আমাদের কর্মীরা কাজ করছেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পূর্বতারা/ইউডি

ভিডিও