Sunday, 28 June 2026

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : 28 June 2026, 02:54

লোহাগাড়ায় বিষধর গোখরা সাপের কামড়ে মো. সোহান উদ্দীন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল আনুমানিক ৭ টায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত আমিরাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ মল্লিক ছোবাহান মনু মিয়া চৌধুরী পাড়ার মোঃ জহির উদ্দীন’র পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দীন।

নিহতের চাচা জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, রাতে সোহান নিজ বাড়িতে ঘুমিয়ে যান। রাতের যে কোন এক সময় তার কক্ষে মশারির ভেতরে প্রবেশ করে বিষধর গোখরা সাপটি তাকে কামড় দেয়। সোহান সাপটিকে মেরে ফেলে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে প্রথমে তারা সোহানকে ওজার (বৈদ্য) কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রবিবার সকাল ৭ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এজাজুল ইসলাম শিহাব বলেন, সাপের কামড়ে আহত এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।

পূর্বতারা/ইউডি/ এম ওয়াই

ভিডিও