চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহাবুব আলম (২৫) ও মো. রাসেল (২৩) নামে দুইজন নিহত হয়েছেন।
আজ রবিবার (২৮ জুন) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোজাহের পাড়ার রাস্তার মাথার আমিনের দোকান নামক স্থানে এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় মোটরবাইকের অপর দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন।
নিহত মাহবুব আলম মোজাহের পাড়ার মৃত আবুল কালামের ছেলে এবং মো. রাসেল একই এলাকার মৃত কামাল হোছাইনের ছেলে। গুরুতর আহত মো. সাহেদ নিহত মাহাবুবের ছোট ভাই।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- সড়কের বাঁকে ঝুঁকিপূর্ণ স্থানে লাকড়ি স্তুপ করে রাখার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এই কারণে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে তাদের দাবি।
এ ব্যাপারে চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান- খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বতারা/ইউডি