সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আনোয়ারায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. গিয়াস উদ্দিনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৭ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার গিয়াস উদ্দিন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের রুদ্রা ময়নার বাড়ি এলাকার আবদুস ছোবাহানের ছেলে।
পুলিশ জানায়, গত ২২ জুন সকাল ১১টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আনোয়ারা উপজেলার একটি এলাকায় সোহেল নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান গিয়াস উদ্দিন।
এ ঘটনায় আহত সোহেলের চাচা মো. বদিউল আলম বাদী হয়ে গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর আক্তারকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ভাইরাল হওয়া ভিডিওসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে সাতকানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
পূর্বতারা/ইউডি