Saturday, 27 June 2026

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রকাশ : 27 June 2026, 04:56

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ জুন) মরিয়মনগর ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকার মনোয়ারের ছেলে মো. বাবর (২৮) এবং একই ইউনিয়নের ফুলগাজীপাড়া ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ তানভির হোসেন (৩০)। দুজনই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূর্ব সৈয়দবাড়ি এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে বাবরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, কিছুদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন।

এর কয়েক ঘণ্টা পর একই ইউনিয়নের ফুলগাজীপাড়া এলাকায় কর্ণফুলী নদীর চরের একটি গাছ থেকে তানভির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি নিজের কষ্টের কথা প্রকাশ করে পরিচিতজনদের কাছে ক্ষমা চান। পরে স্বজনরা খোঁজাখুঁজি করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

স্বজনরা জানান, কোরবানির ঈদ উপলক্ষে দুজনই ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে আবার কর্মস্থলে ফিরে যাওয়ার প্রস্তুতি চলছিল তাদের। কিন্তু এর মধ্যেই ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, পৃথক দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভিডিও