চট্টগ্রাম নগরীতে বর্তমানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চুরির সহজ টার্গেটে পরিণত হয়েছে। গত সাতদিনে নগরের বিভিন্ন মসজিদ ও মন্দিরে ঘটে গেছে চারটি দুর্ধর্ষ চুরির ঘটনা। চোরের দল বিভিন্ন মসজিদ-মন্দিরে ঢুকে কৌশলে লুটে নিচ্ছে স্বর্ণালঙ্কার, নগদ টাকাপয়সা।
এসব চুরির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও ঘটনার তুলনায় তা নেহাতই নগন্য মনে করছেন সাধারণ জনগণ। এমন অবস্থায় ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবগাম্ভীর্য ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান তারা।
গত শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামে সদরঘাট থানার পোস্ট অফিসসংলগ্ন একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরি হয়। জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। এর কিছুক্ষণ পরই টাকাগুলো হাওয়া হয়ে যায়। চাঞ্চল্যকর এ চুরির ঘটনায পালিশকে অবহিত করা হয়। পুলিশ অবশ্য ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বন্দর থানাধীন গোসাইলডাঙায কালীমন্দির থেকে টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। চোরের দল গভীর রাতে মন্দিরে ঢুকে রূপার তাজ, স্বর্ণালঙ্কার, নগদ টাকা চুরি করে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। ঘটনায় জড়িতদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, গত ১৮ জুন (বৃহস্পতিবার) আসকার দিঘীর পাড়ের রামকৃঞ্চ মিশন থেকে চোরের দল বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।
গত ৮ জুন চট্টগ্রাম নগরীর রক্ষাকালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দেবীর গলা থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের সোনার অলংকার চুরি করে নিয়ে যায় চোর।
নগর পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট, চকবাজার, খুলশী, ডবলমুরিং,বন্দর ও ইপিজেড এলাকায় চুরির ঘটনা তুলনামূলক বেশি ঘটছে। মাদকসেবী, ভাসমান লোকজন চুরির সাথে জড়িত বলে ধারণা পুলিশের। গত পাঁচ মাসে নগরীতে ২১১টি চুরি, সিঁধেল চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে বিভিন্ন থানায় জানুয়ারিতে ৫৩টি, ফেব্রুয়ারিতে ৩১টি, মার্চে ৪০টি, এপ্রিলে ৫২টি এবং মে মাসে ৩৫টি মামলা হয়েছে।
এ ব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, এলাকাভিত্তিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কাছে অভিযোগ আসা মাত্র সাথে সাথে জড়িতাদেরকে গ্রেফতারে অভিযান শুরু করা হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন থানা এলাকা থেকে চোর, ছিনতাইকারীসহ অপরাধীরা গ্রেফতার হচ্ছে।
পূর্বতারা/ইউডি