সাপ্তাহিক ছুটির শেষ দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। শনিবার (২৭ জুন) সকাল থেকেই কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আসা পর্যটকদের উপস্থিতি চোখে পড়েছে।
গত দুই দিন বৃষ্টিপাত না হওয়ায় সকাল থেকেই তীব্র গরম অনুভূত হলেও তা উপেক্ষা করে পর্যটকেরা সমুদ্রস্নান, ঘোরাঘুরি ও ছবি তোলায় মেতে ওঠেন। অনেকেই সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সময় কাটান।
ঢাকা থেকে আসা পর্যটক শাখাওয়াত উল্লাহ বলেন, সমুদ্রের ঢেউ ও খোলা আকাশের পরিবেশ তাকে মুগ্ধ করেছে। একই সঙ্গে সৈকত পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক সাদিয়া রহমান বলেন, কক্সবাজারে এলেই মন ভালো হয়ে যায়। শান্ত সমুদ্রে নিরাপদে গোসল করতে পেরে তিনি আনন্দিত।
পর্যটকদের নিরাপত্তায় ভোর থেকেই দায়িত্ব পালন করছেন সি সেইফ লাইফগার্ড সদস্যরা। কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে ওয়াচটাওয়ারের মাধ্যমে নজরদারির পাশাপাশি সৈকতজুড়ে টহল দিচ্ছেন তারা।
সি সেইফ লাইফগার্ডের সিনিয়র সদস্য রশিদ আহমেদ জানান, সমুদ্রের অবস্থা অনুকূলে থাকায় লাল-হলুদ পতাকা উত্তোলন করা হয়েছে, যা নির্ধারিত এলাকায় সমুদ্রস্নানের জন্য নিরাপদ সংকেত। তিনি পর্যটকদের লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।