চট্টগ্রামের রাউজানে শ্বশুরের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে গ্যাস আক্রান্ত হয়ে প্রদীপ দাশ ও সমীরণ দাশ নামে দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ দাশের বাড়ি রাউজানের কচুখাইন এবং সমীরণ দাশের বাড়ি বোয়ালখালী উপজেলার কদুরখিল। প্রদীপ দাশ সম্পর্কে ওই বাড়ির মালিক রতন ডাক্তারের জামাতা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিকুটি পাড়া এলাকায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়িতে কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তার জামাতা প্রদীপ দাশ সেপটিক ট্যাংকে কাজ করার জন্য নিচে নামেন। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে সমীরণ দাশ নিচে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হন।
একপর্যায়ে দুজনই ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়ে থাকেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস রাউজান স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় বন্ধ থাকা সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
পূর্বতারা/ইউডি