Friday, 26 June 2026

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ সদস্য আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 26 June 2026, 05:45

খাগড়াছড়িতে ঝিমিত চাকমা (৫০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক ঝিমিত চাকমা গুইমারা উপজেলা শাখার সংগঠক বলে দলটির সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, ঝিমিত চাকমার বিরুদ্ধে হত্যা,অপহরণসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, শুক্রবার সকালে পাইনংপাড়া এলাকায় দুটি সশস্ত্র দলের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বন্দুকধারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ঝিমিত চাকমাকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, ঝিমিত চাকমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানতে চাইলে ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, ঝিমিত চাকমা তাঁদের উপজেলা সংগঠক। তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

পূর্বতারা/ইউডি

ভিডিও