চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নাম ব্যবহার করে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। তবে চসিকের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃ্ঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
এ নিয়ে বৃহস্পতিবার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয় – ‘‘০১৮২৯-৬১৪৬৩২ নম্বর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার চেষ্টা করা হচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকলের মাধ্যমে অর্থ, অনুদান, চাঁদা বা আর্থিক লেনদেনের অনুরোধ করা হয় না।
সবার প্রতি অনুরোধ-উক্ত নম্বর বা এ ধরনের কোনো নম্বর থেকে ফোন পেয়ে অর্থ লেনদেন করবেন না।
কোনো ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য শেয়ার করবেন না। প্রতারণার এমন কোনো চেষ্টা হলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে ‘’
মেয়রের পেজে এমন পোস্ট দেখে অনেকেই সেখানে কমেন্ট করেছেন।
সন্দ্বীপের গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. আশরাফ খান লেখেন, দুইদিন আগে ‘মেয়র সাহেবের লোক’ পরিচয়ে চট্টগ্রামের আল আমিন মেডিক্যালের সামনে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
এ কে এম পেয়ারু চৌধুরী নামে একব্যক্তি কমেন্ট করেন, ‘‘ওই নাম্বার টা কোন যায়গায় ব্যবহিত হচ্ছে ও উক্ত নাম্বার কি নামে রেজিস্ট্রেশন করা তাহ আইনশৃন্খলা বাহীনির মাধ্যমে ট্যাকিং এ দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করুন’’।
পূর্বতারা/ইউডি