Friday, 26 June 2026

সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 26 June 2026, 05:00

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস নয়ন (২২)।

শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল ফেরদৌস ওই এলাকার সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তার এক বছর বয়সী ১ টি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন বলেন, এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি, আজ সকালে নিহত নয়ন ও তার শাশুড়ি একসাথে সকালের নাস্তাও করেছে। সকাল আনুমানিক ১০ দিকে নিহতের শাশুড়ি বাড়ির পাশ্ববর্তী কচু ক্ষেত থেকে কচুর লতি তুলতে যায়।

কিছুক্ষণ পর তারই এক প্রতিবেশী তাকে জানায়, তার নাতী খুব বেশি কান্নাকাটি করছে। এরপর শাশুড়ি বাড়িতে এসে দেখেন যে তার পুত্রবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলে আছে। ইউপি সদস্য আরো জানান, কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ তিনি জানেন না।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে থানার একজন অফিসারসহ ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও