চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কয়লা, সয়াবিন ও সরিষা দানা পাচারের সময় দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের চোরাইকৃত মালামাল এবং পাচারকাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, জব্দকৃত মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্য এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা এবং ২০০ কেজি সয়াবিন দানা। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দুই চোরাকারবারিকে আটক করা হয়।