বুধবার, ২৪ জুন ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সড়কে মাছ-বরফ ঢেলে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৪:০৪

‘অবৈধ খাস কালেকশন’ ও চাঁদাবাজির প্রতিবাদে সড়কে মাছ ও বরফ ঢেলে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের মৎস্যজীবী সম্পদ্রায়।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে নগরের রানী রাসমনি জেলে ইলিশ ঘাট এলাকায় মৎস্যজীবী সম্পদায় ও ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষুব্ধরা জেলে ও ব্যবসায়ীরা এসময় সড়কে মাছ,বরফ ঢেলে ও সিলিন্ডার রেখে কর্মসূচি পালন করেন। তাদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। মানববন্ধনে জেলে সম্প্রদায়ের শতাধিক পরিবার ও সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে জেলেদের অভিযোগ , চট্টগ্রামের কোনো ঘাটে এরকম চাঁদাবাজি নেই। দীর্ঘদিন ধরে রাসমনি জেলে ইলিশ ঘাটে মাছ নামানো, নৌকা ভেড়ানো, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডার এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার ওপর অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে। ‘খাস কালেকশন’-এর নামে এসব অর্থ আদায়ের কারণে জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা বলেন, দেশের মৎস্য খাতের গুরুত্বপূর্ণ একটি ঘাট হওয়া সত্ত্বেও এখানে কর্মরত জেলেরা দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। প্রতিদিন মাছ নিয়ে ঘাটে আসার পর বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এ অবস্থায় অনেক জেলেকে লোকসানের মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।  

মানববন্ধনে রানী রাসমনি জেলে ইলিশ ঘাটের সভাপতি মো. হাসান আলী চৌধুরী বলেন, বর্তমানে খাস কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে। গত ২০ বছর ধরে এগুলো ছিল না। এখানে চাঁদাবাজি ছিল না। এখন এখানে নানা উছিলায় টাকা আদায় করা হচ্ছে। তারা লোক দিয়ে পানি বিক্রি করছে। পানির বোতলের মাধ্যমে চাঁদা চাওয়া হচ্ছে। আমরা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

কর্মসূচিতে অংশ নেওয়া জেলেদের অভিযোগ , ঘাটে কর্মরত শ্রমিক, নৌকার মাঝি, মাছ ব্যবসায়ী এবং বিভিন্ন পণ্যসামগ্রীর ক্ষুদ্র বিক্রেতারাও একই ধরনের চাঁদাবাজির শিকার হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করতে চান। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যায়নি। অবৈধ খাস কালেকশন ও চাঁদাবাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে ঘাট এলাকায় মানুষের ব্যাপক সমাগম ঘটে। পরে প্রতিবাদকারীরা তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়ার ঘোষণা দেন। এ সময় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উদ্দিনসহ ঘাটের সদস্য ও জেলে এবং তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও