বুধবার, ২৪ জুন ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র দুই সদস্য নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৫:০২

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় ইউপিডিএফ’র দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তৈকাথান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ববিন ত্রিপুরা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইউপিডিএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে ববিন ত্রিপুরা নিহত হন। একই ঘটনায় মংসানু মারমাকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করা হয়।

তবে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা গোলাগুলির ঘটনা অস্বীকার করে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।

এদিকে, একই দিন দুপুর ১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুরাঘোরা এলাকা থেকে সুজন চাকমা (২৭) নামে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সুজন চাকমা দীঘিনালা উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের তারাবনিয়া এলাকার বিন্দু মোহন চাকমার ছেলে।

ইউপিডিএফ (প্রসীত) সূত্রের দাবি , এ হত্যাকাণ্ডের সঙ্গে জেএসএসের একটি গ্রুপ জড়িত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”

পূর্বতারা/ইউডি/এইচ এম

ভিডিও