চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষে ঘূর্ণায়মান অবস্থায় সিলিং ফ্যান ছিটকে পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জানা যায়, শনিবার (২১ জুন) দুপুরে ঐ আবাসিক হলের ডি-৩০০ নম্বর কক্ষের একটি সিলিং ফ্যান হঠাৎ ঘূর্ণায়মান অবস্থায় ছাদ থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। সে সময় কক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা টেবিলে বসে পড়াশোনা করছিলেন।
কক্ষে থাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো.মোরশেদ এলাহী বলেন, গণরুমে ফ্যানগুলো বেশিরভাগই নষ্ট কিংবা ধীরগতির , তাই আমাদের ব্যক্তিগত ফ্যান ব্যবহার করতে হয়। এ বিষয়ে আমরা অনেকবার স্যারদেরকে জানিয়েছি, তারা কিছু কিছু সমস্যার সমাধান করেছেন আর কিছু সমস্যার সমাধান হয় নি। গণরুমের ফ্যানগুলো দেখলেই মনে হতো যে এখনই খুলে পড়বে। আজকে তা-ই হয়েছে। ফ্যানটি যেভাবে পড়েছে, সামান্য এদিক-ওদিক হলেই কারও মাথায় আঘাত লাগতে পারত। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।’
এ ঘটনায় শিক্ষার্থীরা দ্রুত হল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কক্ষটির পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো পরিবর্তনের দাবি জানিয়েছেন।
পূর্বতারা/ইউডি