রবিবার, ২১ জুন ২০২৬

চান্দগাঁও বিসিকে গুলি ছুড়ে প্রকাশ্যে চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৪:৩১

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি ছুড়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দিনদুপুরে পাঁচ যুবকের একটি সশস্ত্র দল এই ঘটনা ঘটায়। এই ঘটনার পর থেকে পুরো শিল্প এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে এই ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ভুক্তভোগী যুবদল নেতাসহ সংশ্লিষ্টদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। তবে অভিযোগ না পেলেও পুলিশের পক্ষ থেকে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইউনুস্কো (এসটিএস) গ্রুপের সামনে এসে পাঁচজনের একটি সশস্ত্র দল কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তারা সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। ঘটনার কিছুক্ষণ পরই চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে পরিচিত এক যুবদল নেতাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পাঁচ যুবক চাঁদার দাবিতে চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইউনুস্কো ভবনে প্রবেশ করছে। ভেতরে ঢোকার ঠিক আগমুহূর্তে পিস্তল হাতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা নিজেদের শক্তির জানান দেয়।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় এমন চাঁদাবাজি ও গুলির ঘটনা বেশ কয়েকবার ঘটেছে, যা এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও