রবিবার, ২১ জুন ২০২৬

আদালতের নির্দেশে ১৪ দিন পর অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৫:৩৮

অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের গাড়ি প্রবেশে বাধা, প্রতারণা, হয়রানি ইস্যুতে ৭ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় এতদিন কোনো মামলা হয়নি। অবশেষে আদালতের নির্দেশে ১৪ দিন পর পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে।

রোববার (২১ জুন) পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন সরদার বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি ও অ্যাম্বুলেন্সচালকদের মধ্যে জড়িত অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ৮ জুন চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন আদালত সিএমপির উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনারকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পাঁচলাইশ থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ জুন বিকেলে চমেক হাসপাতালের পূর্ব গেটের ভেতরে এনসিপির মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। হামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব আশিকুর রহমান আশিক, যুগ্ম সদস্যসচিব আসিফ চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মারুফসহ কয়েকজন আহত হন।

এজাহারে উল্লেখ করা হয়, চমেক হাসপাতাল এলাকায় সক্রিয় একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ও মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করে আসছে। বাইরের বৈধ অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশে বাধা দেওয়া হয়। এমনকি ফিটনেস ও রুট পারমিটবিহীন সাধারণ মাইক্রোবাসে নীল বাতি ও সাইরেন লাগিয়ে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে প্রতারণার অভিযোগও রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও