বুধবার, ১৭ জুন ২০২৬

কক্সবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, ট্রলারে ফিরছে রুপালি ইলিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:২৮

দীর্ঘ সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো ধীরে ধীরে কক্সবাজার ফিশারিঘাটে ফিরতে শুরু করেছে। ট্রলারের সঙ্গে ফিরছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, ফলে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্রটিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বুধবার (১৭ জুন) সকাল থেকে ফিশারিঘাটে বিভিন্ন ট্রলার থেকে মাছ নামাতে দেখা যায়। জেলে, আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকদের ভিড়ে পুরো এলাকা আবারও সরগরম হয়ে ওঠে।

তবে জেলেরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছের উপস্থিতি আশাব্যঞ্জক হলেও বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রত্যাশামতো মাছ ধরা সম্ভব হচ্ছে না।

ফিশারিঘাটের মাছ ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, কয়েকদিন ধরে অল্প অল্প করে ইলিশ আসতে শুরু করেছে। সরবরাহ এখনো বেশি না হলেও বাজারে রুপালি ইলিশের উপস্থিতি ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে আকারভেদে প্রতি কেজি ইলিশ ১,২০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের ইলিশের দাম আরও বেশি।

আরেক বিক্রেতা মোহাম্মদ সেলিম বলেন, নিষেধাজ্ঞা শেষে মাছ আসা শুরু হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি পেয়েছেন। তবে এখনো সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি।

মৎস্য অবতরণ কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহ থেকে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত,  গত ১৪ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার সময় জেলেদের সাগরে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ ছিল।  ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা গত ১১ জুন মধ্যরাত থেকে ফের সাগরে নামে জেলেরা।

ভিডিও