বুধবার, ১৭ জুন ২০২৬

চমেকে ‘বিকন বাংলাদেশ’র চিকিৎসা সরঞ্জাম সহায়তা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৭:০৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগে অসুস্থ শিশুদের সেবায় চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে বিকন বাংলাদেশ। আজ বুধবার (১৭ জুন) চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের হাতে চিকিৎসা সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়।

বিকন বাংলাদেশ’র পক্ষ থেকে ১৬ সেট হাই-ফ্লো সার্কিট অ্যান্ড ক্যানুলা এবং ১০ সেট অ্যাম্বুলেটরি ও পোর্টেবল ইলেকট্রিক সিরিঞ্জ পাম্প হস্তান্তর করা হয়।

বিকন বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা আশফাক কবির বলেন, “জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ ও সংহতির কোনো বিকল্প নেই। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও যারা জাতির সেবায় নিয়োজিত রয়েছেন, সেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ানোকে আমরা একই সঙ্গে দায়িত্ব ও সৌভাগ্যের বিষয় বলে মনে করি।”

তিনি বক্তব্যে চমেক হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরলস সেবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আশফাক কবির এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের এসএসসি০৯৫ ব্যাচের শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মুহাম্মদ জাবেদ বিন আমিন চৌধুরী ও ডা. বেলায়েত হোসেন ঢালী, বিকন বাংলাদেশ’র জ্যেষ্ঠ চিকিৎসা উপদেষ্টা ডা. হুমায়ুন আলমগীর ও ডা. নুসরাত জাহান নীপাসহ স্বেচ্ছাসেবক দল ও দলের প্রধান মো. আবদুল্লাহ আল কায়সারের ভূমিকার প্রশংসা করেন।

হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ এ. জে. এম. দিয়াসউদ্দিন এবং রেবেকা নাসরীনসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও