বুধবার, ১৭ জুন ২০২৬

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে ড্রেজিং শুরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১২:৩৫

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষা, নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ ড্রেজিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

চট্টগ্রাম বন্দরের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর দেশের সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। চ্যানেলের নাব্যতা স্বাভাবিক থাকলে বড় আকারের বাণিজ্যিক, কয়লাবাহী ও এলএনজি জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। এতে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও বৈদেশিক বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল হবে।

মঙ্গলবার (১৬ জুন) বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেল দিয়ে কয়লাবাহী জাহাজ নিয়মিত চলাচল করছে। এছাড়া অদূর ভবিষ্যতে এলএনজি বহনকারী জাহাজের নিয়মিত চলাচলের সম্ভাবনাও রয়েছে। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত পলি জমার কারণে চ্যানেলের বিভিন্ন স্থানে নাব্যতা হ্রাস পাওয়ায় নির্ধারিত গভীরতা বজায় রাখতে জরুরি ভিত্তিতে এ ড্রেজিং কার্যক্রম নেওয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, চ্যানেলের বিদ্যমান অবস্থা ও পলি জমার ধরণ বিশ্লেষণ করে ট্রেইলিং সাকশন হপার ড্রেজার ড্রেজিংয়ের জন্য সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন ড্রেজারের মাধ্যমে মাতারবাড়ী চ্যানেলে ড্রেজিং কাজ শুরু হয়েছে। ড্রেজারটি চ্যানেলের বিভিন্ন অংশে জমে থাকা পলি অপসারণ করে নির্ধারিত গভীরতা পুনঃপ্রতিষ্ঠা ও বজায় রাখার কাজ করবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও