মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রাম–খাগড়াছড়ি–রাঙ্গামাটি মহাসড়ক উন্নয়নে ৬ দফা দাবি

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১০:০৮

চট্টগ্রাম–খাগড়াছড়ি–রাঙ্গামাটি মহাসড়কের দীর্ঘদিনের যানজট, সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে ৬ দফা উন্নয়ন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ফ্লাইওভার নির্মাণ, ৮ লেন সড়ক ও রেলসেবা সম্প্রসারণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়।

মঙ্গলবার (১৬ জুন) ‘চট্টগ্রাম–খাগড়াছড়ি–রাঙ্গামাটি মহাসড়ক উন্নয়ন সমন্বয় পরিষদ’র উদ্যোগে হাটহাজারীতে এ স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুপস্থিতিতে উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে হাটহাজারী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ মোট ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সমর্থন উল্লেখ করা হয়। কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে— অক্সিজেন মোড়, হাটহাজারী বাসস্ট্যান্ড, হাটহাজারী বাজার ও নাজিরহাট ঝংকার সিনেমা মোড়ে ত্রিমুখী ফ্লাইওভার নির্মাণ, বড়দিঘীর পাড় ও চৌধুরীহাট এলাকায় ওভারপাস বা আন্ডারপাস স্থাপন, অক্সিজেন থেকে নাজিরহাট পর্যন্ত ৮ লেন বাইপাস সড়ক নির্মাণ এবং রোড ডিভাইডার স্থাপন।

এছাড়া হাটহাজারী থেকে বিবিরহাট পর্যন্ত মহাসড়ক ৮ লেনে উন্নীত করা, অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদ, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও সিসিটিভি স্থাপন, জনবহুল এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ, ভারী যান চলাচলে সময়সীমা নির্ধারণ এবং চট্টগ্রাম–নাজিরহাট রেলপথে ট্রেন সংখ্যা বৃদ্ধি ও স্টেশন আধুনিকায়নের দাবিও জানানো হয়।

সমন্বয় পরিষদের নেতারা বলেন, গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও অবকাঠামোগত দুর্বলতার কারণে দীর্ঘদিন ধরে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে জনদুর্ভোগ আরও তীব্র হবে বলে তারা সতর্ক করেন।

এদিকে একই দাবিতে আগামী ১৭ জুন ফটিকছড়ি উপজেলায় পৃথকভাবে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সমন্বয় পরিষদের উদ্যোক্তা আয়কর আইনজীবী মো. ফয়েজুল ইসলাম বলেন, নিরাপদ ও আধুনিক মহাসড়ক শুধু স্থানীয় নয়, বরং বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।

ভিডিও