মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাউজানে যুবদল নেতা হত্যায় মামলা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১:৫০

চট্টগ্রাম রাউজানে মাসুদুল হক চৌধুরী নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় মামলাটি করেন।

মামলার আসামিদের মধ্যে ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হান, তাঁর সহযোগী মেহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মোবারক, দিদারুল আলম, মেহাম্মদ ইউসুফসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৮ জনকে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মামলার আসামিদের মধ্যে কয়েকজনকে আগেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান।

গত শনিবার বেলা দেড়টার দিকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় মাসুদুল হক চৌধুরীকে। তিনি পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তাঁর বড় ভাই পেয়ারুল হক চৌধুরী রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। পরিবারের সদস্যরা জানান, পরবর্তী নির্বাচনে মাসুদুল ইউপি চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও