চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ‘ছেনী বাবলু’সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাতে সন্দ্বীপ থানা পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মিলাদ হোসেন বাবলু (৩৫) এবং মো. জুয়েল রানা (৩৬)।
বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হাওলাদার জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩টি দেশীয় এলজি, ৪টি কার্তুজ, ১টি ছেনি, ১টি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা এবং নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার নামে ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।