চট্টগ্রামের পটিয়ায় প্রেস ক্লাবে ঢুকে এক সাংবাদিককে মারধরের ঘটনায় যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বৃহস্পতিবার রাতে পটিয়া থানায় মামলাটি করেন।
মামলায় পটিয়া পৌরসভা যুবদলের নেতা এসএম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন দুপুরে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেস ক্লাবে অবস্থান করছিলেন। এ সময় এসএম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল প্রেস ক্লাবে প্রবেশ করে। পরে তারা আমিরীকে ক্লাব থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
হামলার শিকার সাংবাদিক আবেদুজ্জামান আমিরীর দাবি, ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শীর্ষক প্রতিবেদনের জেরে তিনি দীর্ঘদিন ধরে হুমকি ও ক্ষোভের মুখে ছিলেন। ওই প্রতিবেদন প্রকাশের কারণে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে মামলাটি রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
পূর্বতারা/ইউডি/ আই এইচ এম