চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদলের সভাপতি, ১৯৮৬ সালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের নির্বাচিত জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সন্দ্বীপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ঠিকাদারি ও প্রকৌশল সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, তার অভিজ্ঞতা চট্টগ্রামের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন ও চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এতে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ পদে থাকবেন। এ সময়ে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তও আরোপ করা হয়েছে।