বুধবার, ১৭ জুন ২০২৬

কারিগরি ত্রুটিতে সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে জাহাজ চলাচল বন্ধ

সন্দ্বীপ প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:২০

কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে যাত্রীবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি। এতে নৌপথে চলাচলকারী হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, সাগরে সতর্ক সংকেতের কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর গত ১০ জুন এ নৌরুটে জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছিল। তবে পুনরায় চালুর পরদিনই জাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে আবারও বন্ধ হয়ে যায় চলাচল। নির্ধারিত সময়েও সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে যাত্রীবাহী জাহাজ এমভি মালঞ্চ ছেড়ে যায়নি। পরে যাত্রা বাতিল করে জাহাজটি ঘাটে রেখে মেরামতের কাজ শুরু করা হয়।

এমভি মালঞ্চের মাস্টার আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাজের গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবারের যাত্রা বাতিল করা হয়েছে। দ্রুত মেরামতের কাজ চলছে। তবে কবে নাগাদ জাহাজটি আবার চলাচল শুরু করবে, তা এখনো নিশ্চিত নয়।

যাত্রীরা জানান, ফেরিতে যানবাহন পরিবহনের কারণে অনেক সময় যাত্রী ওঠানামায় বিলম্ব হয় এবং নির্ধারিত সময়সূচি ঠিক থাকে না। তাই জাহাজে যাতায়াতকেই তারা তুলনামূলক নিরাপদ ও সুবিধাজনক মনে করেন। তারা দ্রুত জাহাজের ত্রুটি মেরামত করে নৌপথে স্বাভাবিক যাত্রী পরিবহন চালুর দাবি জানিয়েছেন।

বিআইডব্লিউটিসি চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. আবু ইমাম বলেন, জাহাজ মেরামত চলছেG আশা করি দ্রুত এমভি মালঞ্চ সচল হবে। ।

প্রসঙ্গত, বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌরুটে জাহাজের পাশাপাশি ফেরির মাধ্যমে যাত্রী ও যানবাহন পরিবহন করা হয়। এছাড়া কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে যাত্রী পারাপার করা হয়। তবে বর্ষা মৌসুমে উত্তাল সাগর ও বৈরী আবহাওয়ার কারণে এসব নৌযানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

ভিডিও