চট্টগ্রামের বোয়ালখালীতে চোখ ধাঁধানো টর্চের আলো ফেলে ও মুখে মরিচের গুঁড়া ছুড়ে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের গগন সেন বাড়ির বাসিন্দা ব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৬)।
অভিযোগে বলা হয়, শাকপুরা চৌমুহনী বাজারে ‘লোকনাথ ক্লথ স্টোর’ নামে কাপড়ের দোকান পরিচালনার পাশাপাশি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবে ও কাজ করেন গৌতম চৌধুরী। সোমবার রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সারোয়াতলী ইউনিয়নের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে দুই যুবক তার পথরোধ করে।
গৌতম চৌধুরী বলেন, তারা আমার মুখে মরিচের গুঁড়া ছুড়ে এবং ভারী কিছু দিয়ে আঘাত করতে থাকে। এরপর সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ও ১৮ হাজার টাকা দামের তিনটি মোবাইল সেট কেড়ে নিয়ে যায়। ওই যুবকদের বয়স ২৮ থেকে ৩০ বছর হবে। তারা রাস্তার পাশে ঝোপের আড়ালে ওত পেতে ছিলো।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।