চট্টগ্রামের লোহাগাড়ায় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনে হাঁটার সময় কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু হারবাং এলাকার শাহজাহানের ছেলে। তিনি কয়েকদিনের জন্য বারদোনা এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টিপু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় ইউপি সদস্য শারফু সিকদার জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত টিপুকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলেও পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এদিকে লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।