বুধবার, ১৭ জুন ২০২৬

সেনাবাহিনীর তত্ত্বাবধানে জঙ্গল সলিমপুরে নির্মিত হচ্ছে চারটি সড়ক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ জুন ২০২৬, ০৭:২০

সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সবুজ পাহাড়ের বুক চিড়ে তৈরি হচ্ছে চারটি নতুন সড়ক। সলিমপুরে সড়ক নেটওয়ার্ক বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বায়েজিদ লিংক রোড ও নগরের সাথে সহজ যোগাযোগ নিশ্চিত হবে বলে মনে করছে আইনশৃ্ঙ্খলা প্রশাসন।

আজ সোমবার (৮ জুন) সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ২৬ ইসিবি আনুষ্ঠানিকভাবে সড়ক নির্মাণকাজ শুরু করে।

কাজ শুরুর আগে ব্রিগেডের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলে নির্মাণাধীন সড়কের স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন পরবর্তী সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটেলিয়নের (ইসিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল আলম মাসুদ বলেন, প্রথমে আলীনগর থেকে একটি সড়ক নির্মাণের কাজ শুরু করেছি। বর্তমানে বিদ্যমান রাস্তাটি প্রশস্ত করা ও মাটি কাটার কাজ চলছে। সড়কটির প্রস্থ হবে ১৮ ফুট। পাহাড়ধস রোধে রিটেইনিং ওয়াল বানানো হবে।

সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন ২৬ ইসিবি গত ৪ জুন থেকে কাজ শুরু করেছে। মোট ১০ কিলোমিটারের চারটি সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি তিনটি সেতু ও কয়েকটি কালভার্ট তৈরি করা হবে। থাকছে ড্রেনেজ ব্যবস্থাও। সড়ক নির্মাণে সেনাবাহিনীকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ, বিজিবি ও র্যাব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে এলাকাটিতে চারটি সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত একটি, আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি, আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির পাশ দিয়ে একটি এবং জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে চতুর্থ সড়কটি নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও