বুধবার, ১৭ জুন ২০২৬

মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ জুন ২০২৬, ০৬:৩৯

বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে ‍দিলেন গর্ভধারিণী মা। মাদকের টাকা যোগাড় করতে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে ছেলেটি। তাই সংশোধনের উদ্দেশ্যে প্রশাসনের কাছে অভিযোগ করা হলে শেষে তাকে আটক করে ৯ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন) রাতে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম মো. শহীদুল্লাহ (১৯)।

বাঁশখালী প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল শহীদুল্লাহ। মাদকের অর্থ জোগাড় করতে বিভিন্ন সময় চুরি করতো এবং পরিবারের সদস্যদের মারধর করতো। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তার মা শীলকূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, মাদকাসক্ত ছেলে শহীদুল্লাহ’র বিরুদ্ধে তার মা নিজেই প্রশাসনের কাছে অভিযোগ করেন। ছেলেটির বিরুদ্ধে ২০টির বেশি চুরির অভিযোগ রয়েছে। পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবিষ্যতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মা নিজেই ছেলের শাস্তি দাবি করেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে একই অভিযানে আরও দুই ব্যক্তিকে মাদক সেবনের দায়ে সাজা দেওয়া হয়েছে। তারা হলেন- উপজেলার পালেগ্রাম এলাকার কাভার্ড ভ্যানচালক মো. মাঈনুদ্দীন (২৯) এবং হট্টইতলা-জঙ্গল পৈরাং এলাকার জামাল হোসেন (৪২)। মাদক সেবনের প্রমাণ পাওয়ায় তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও