রাউজানে আঘাতজনিত একটি মৃত্যুকে ‘স্বাভাবিক মৃত্যু’ বলে রটিয়ে দাফনের চেষ্টা রুখে দিয়েছে সচেতন এলাকাবাসী। চট্টগ্রাম শহরের বাসায় মারা যান সিরাজ উদ দৌলা (৬০) নামের এক বৃদ্ধ। গতকাল রোববার সন্ধ্যায় তাকে গ্রামের বাড়িতে দাফনের জন্য আনা হলে তার মাথায় জখমের চিহ্ন দেখতে পান এলাকাবাসী। সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
জানা গেছে, মারা যাওয়া ওই বৃদ্ধের গ্রামের বাড়ি রাউজান পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী তালুকদারবাড়ি। তবে তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রাম শহরে থাকতেন।
তবে অভিযোগ অস্বীকার করে প্রয়াত সিরাজ উদ দৌলার স্ত্রী জাহেদা বেগম বলেন, তাঁর স্বামীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। মৃত্যুর দুই দিন আগে তিনি চেয়ার থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছিলেন। এটির দাগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি পারিবারিক কলহের কারণে সিরাজ উদ দৌলা কিছুদিন তাঁর স্বজনের বাসায় ছিলেন। পরে তিনি আবার নিজ বাসায় ফিরে যান। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে গতকাল রোববার তার মরদেহ গ্রামে আনে পরিবার। পরে জানাজার প্রস্তুতির সময় মৃতের কাফনের কাপড়ে অতিরিক্ত রক্তের দাগ দেখতে পান এলাকাবাসী। এমনকি মাথার এক পাশে তিনটি কোপের চিহ্ন দেখতে পান তারা। সন্দেহ হওয়ায় তারা দাফন স্থগিত করে পুলিশকে খবর দেয়। পরে রাউজান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির মাথায় জখম দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
পূর্বতারা/ইউডি