বুধবার, ১৭ জুন ২০২৬

বোয়ালখালীতে রিকশাচালককে কোপানোর ঘটনায় হামলাকারী গ্রেফতার

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৬, ০১:৪২

চট্টগ্রামের বোয়ালখালীতে রিকশাচালক আবদুল নবীকে (৫০) কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী রিগ্যান বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফাঁদ পেতে নগরের ডবলমুরিং থানাধীন মোগলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি বলেন, আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত রিগ্যান বিশ্বাস (৩৫) কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে। সে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, হামলার পরপরই রিগ্যান চরণদ্বীপ এলাকায় ছিনতাই করা রিকশাটি রেখে পালিয়ে যায়। সে এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রত্যক্ষদর্শী ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামে

এর আগে, বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কধুরখীল খোকার দোকান এলাকায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়ার বাসিন্দা রিকশাচালক আবদুল নবীকে কুপিয়ে রিকশা নিয়ে পালিয়ে গিয়েছিল রিগ্যান।

এ ঘটনায় শুক্রবার আবদুল নবীর স্ত্রী রোজী আকতার বাদী হয়ে রিগ্যানকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।

গুরুতর আহত আবদুল নবী নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভিডিও