বুধবার, ১৭ জুন ২০২৬

ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, আটক ২

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ জুন ২০২৬, ০২:২৭

চট্টগ্রামের ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সংক্রান্ত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে গিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ‘বিশ্রামাগারে’ এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখা সভাটির আয়োজন করে।

স্থানীয়দের দাবি, ভবনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলম মঞ্জুরের মালিকানাধীন। এটি মূলত আশেক-ভক্তদের বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো। এতে লেখা রয়েছে—‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’। সভায় শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতা-কর্মী বসে ছিলেন।

পুলিশ জানায়, সভার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে এর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা করেছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করেছে। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। কারা সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠকের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও