বুধবার, ১৭ জুন ২০২৬

জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত সংস্কার করে খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ জুন ২০২৬, ১২:৫৯

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে জাদুঘরটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে জিয়াউর রহমানের স্মৃতি, ব্যবহৃত সামগ্রী ও বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে। এ কারণে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে।

তিনি বলেন, মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়া পর্যন্ত দেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে জিয়াউর রহমানের ভূমিকা ছিল। তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সংস্কার শেষে এটিকে আগের মর্যাদায় ফিরিয়ে আনা হবে।

আহমেদ আজম খান আরও বলেন, মুক্তিযুদ্ধ, সেনাবাহিনী ও রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশের অর্থনীতি ও উন্নয়নের গতিপথ পরিবর্তনেও তার অবদান রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে অবস্থিত জিয়া স্বাধীনতা কমপ্লেক্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এটিকে পুনরায় ‘জিয়া মেমোরিয়াল কমপ্লেক্স’ হিসেবে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জাদুঘর ও জিয়া মেমোরিয়াল কমপ্লেক্স দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস সংরক্ষণ জরুরি। তিনি জানান, ভূমিকম্পে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কারকাজ চলছে এবং দ্রুত জাদুঘরটি পুনরায় খুলে দেওয়া হবে।

পরিদর্শনকালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও