বুধবার, ১৭ জুন ২০২৬

দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে চান প্রতিদ্বন্দ্বীরাও

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৬, ০৩:১১

সাংসদ দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহাল চান রাঙামাটি ২৯৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া পহেল চাকমা ও মো. আবুল বাশার নয়ন। গত নির্বাচনে পহেল চাকমা (ফুটবল) ও আবুল বাশার নয়ন (ট্রাক) রাঙামাটি ২৯৯ আসনে দীপেন দেওয়ানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বৃহস্পতিবার (০৪ জুন) সকালে রাঙামাটি জেলা শহরের মারী স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টে দুই নেতা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে পদ থেকে প্রত্যাহারের দাবিও জানান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অনুযায়ী তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়। কিন্তু চুক্তির পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের দ্বারা ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন বিধিমালা তৈরি হয়নি। যার কারণে আজ পর্যন্ত আঞ্চলিক ও জেলা পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। বর্তমানে অন্তর্বর্তীকালীন পরিষদগুলোর মাধ্যমেই কার্যক্রম চলছে। আইন অনুযায়ী তাদের কার্যাবলী পূর্ণাঙ্গভাবে হস্তান্তরিত হয়নি। এর ফলে পার্বত্য অঞ্চলের সাধারণ প্রশাসন, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে এক ধরনের জটিল ও স্থবির অবস্থা বিরাজ করছে। যা পার্বত্যবাসীদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, পার্বত্য চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯ নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে- “পাহাড়ীদের মধ্য হইতে একজন মন্ত্রী নিয়োগ করিয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হইবে এবং এই মন্ত্রণালয়কে সহায়তা করিবার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হইবে।”

চুক্তির এই বিধানকে উপেক্ষা করে বর্তমান মন্ত্রণালয়ে নিয়োগ প্রদান করায় গভীর অসন্তোষ ও প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,পার্বত্য চুক্তির সাথে সাংঘর্ষিক ও বিধি-বহির্ভূতভাবে নিযুক্ত প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য প্রতিমন্ত্রীর পদ হতে অবিলম্বে প্রত্যাহার ও অপসারণ করতে হবে। একইসাথে ভবিষ্যতে এই মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের বাহিরে কোন লোক কোনভাবেই প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদায়ন না করার বিধান কঠোরভাবে অনুসরণ করা হোক।

ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনে অংশ নেওয়া কোদাল প্রতীক নিয়ে বিপ্লবী ওয়াকার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জসীম উদ্দীন, নাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার এ দাবি সমূহে সংহতি প্রকাশ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পূর্বতারা/ইউডি/এম ইউ বি

ভিডিও