বুধবার, ১৭ জুন ২০২৬

মুখ খুললেন দীপেন দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৬, ১১:৩৭

পদত্যাগের পর নিরবতা ভেঙ্গে সাবেক পার্বত্যমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি এবার মুখ খুলেছেন। বুধবার (০৩ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ব্যক্তিগত একান্টটে একটি স্টাটাসে পার্বত্যঞ্চলের পাহাড়ি, বাঙালি সকল সম্প্রদায়কে শান্ত থাকার আহ্বান জানান।

স্ট্যাটাসে সাবেক মন্ত্রী উল্লেখ করেন- সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে আমার পদত্যাগকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণের মধ্যে যে আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি গভীরভাবে অবগত রয়েছি।

আমি পার্বত্য চট্টগ্রামের সকল পাহাড়ি, বাঙালি এবং অন্যান্য সম্প্রদায়ের ভাই-বোনদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে, আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আইন-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখুন। কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ণ রাখুন।

তিনি আরও উল্লেখ করেন, আমি বিশ্বাস করি, পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও আমাদের সবার।

আমি গর্বের সঙ্গে স্মরণ করছি যে, আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।আমি দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, দিকনির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছি। রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মত-পার্থক্য থাকতে পারে, কিন্তু বিভেদ নয়, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সংঘাত নয়।
আমার একান্ত কামনা, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক, উন্নয়নের সুফল ভোগ করুক এবং এই অঞ্চল সম্প্রীতি, স্থিতিশীলতা ও শান্তির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে উঠুক।

সাবেক পার্বত্যমন্ত্রী এ্যাড: দীপেন দেওয়ান এমপির একান্ত সহকারী ( পিএস) আল আমিন স্ট্যাটাসটির বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বতারা/ইউডি/এম ইউ বি

ভিডিও