বুধবার, ১৭ জুন ২০২৬

টেকনাফে চার বছরের মার্কিন শিশুকে অপহরণচেষ্টা, আটক ৩

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩ জুন ২০২৬, ০৫:৪৯

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশি বংশোদ্ভূত চার বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে অপহরণচেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৩ জুন) বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার কেফায়েত উল্লাহ (২৪), নতুন পল্লান পাড়ার শাহাব উদ্দিন (২৮) এবং একই এলাকার আব্দুর রজব মিয়া (৩৫)।

র‌্যাব জানায়, ভুক্তভোগী শিশুটি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। শিশুটির বাবা টেকনাফের স্থানীয় বাসিন্দা হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক। সম্প্রতি শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল।

র‌্যাবের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) দুপুরে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ায় শিশুটিকে একা পেয়ে কিছু ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া দিলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। পরে পশ্চিম গোদারবিল এলাকায় তাদের আটক করা হয়।

পরবর্তীতে খবর পেয়ে র‌্যাব-১৫ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং তিনজন অপহরণকারীকে আটক করে।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিডিও