বুধবার, ১৭ জুন ২০২৬

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩ জুন ২০২৬, ০৩:৩৭

চট্টগ্রামের সাতকানিয়ায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের পাশে অবস্থিত রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়ার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নুরুন্নাহার বেগম ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

বুধবার ভোরে ঘুম থেকে উঠে তিনি হাত-মুখ ধুয়ে মেয়ের বাড়ির পাশে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এমন সময় কক্সবাজার থেকে ছুটে আসা ঢাকা অভিমুখী এক্সপ্রেস ট্রেনের চাপায় কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’ সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা অসাবধানতাবশত লাইনে চলে এলে ট্রেনের নিচে কাটা পড়েন।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে স্টেশনের পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, সাতকানিয়া রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি তিনি অবহতি হয়েছেন। এটি যেহেতু রেলওয়ের আওতাধীন এলাকা, তাই রেলওয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও